বাংলাদেশে উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতি আরও শক্তিশালী করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি (টিবিএল) এবং বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক (বিএএন) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
ট্রাস্ট ব্যাংকের আর্থিক সক্ষমতা ও বিএএনের উদ্যোক্তাবান্ধব কার্যক্রম একত্রিত হয়ে দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে দুই প্রতিষ্ঠানই আশাবাদ ব্যক্ত করেছে।
ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই ডিভিশন সাদাত আহমাদ খান এবং বিএএনের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা আইভি হক রাসেল চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান জামান চৌধুরী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে পুঁজির অ্যাক্সেস, কৌশলগত পরামর্শ, সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি এবং ব্যবসায়িক প্রস্তুতি সহায়তা প্রদান করা হবে। যৌথ উদ্যোগটি নতুন উদ্যোক্তা তৈরিতে, উদ্ভাবনী ব্যবসা বিকাশে এবং তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া স্টার্টআপ খাতে এই সহযোগিতা ভবিষ্যতে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
